![]() |
| পরীক্ষার হলে পরীক্ষারত শিক্ষার্থীগণ : ছবি - সংগৃহীত |
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট)। সে উপলক্ষে আগামীকাল দুপুর ৩টায় একটি সভা আয়োজন করেছেন গুচ্ছ কমিটি। এ সভা থেকে ফলাফল প্রকাশিত হবে।
সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করে বলেন, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশের কাজ শেষ। তবে এটি পুনরায় দেখা হচ্ছে। যেন কোন ভুল না থাকে। আগামীকাল মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা তাদের আইডি লগইন করে ফলাফল দেখতে পারবেন।
জানা যায়, গতকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। গতকালই ‘বি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। আজ সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ করা হবে।
এর আগে, গত (১৩ আগস্ট) শনিবার গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন